ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম মার্চ মাসের জন্য অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটোগ্যাসের দাম সামান্য কমেছে। আজ সোমবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিইআরসি জানায়, চলতি মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারিও এই একই দাম নির্ধারণ করা হয়েছিল। তবে অটোগ্যাসের ক্ষেত্রে খুচরা দাম কিছুটা কমিয়ে প্রতি লিটার ৬১ টাকা ৪৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগের মাসের তুলনায় ৩ পয়সা কম।
আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দর কার্যকর হবে। বিইআরসি আরও জানায়, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামের সামান্য পরিবর্তনের প্রভাবেই অটোগ্যাসে এই নামমাত্র সমন্বয় করা হয়েছে। তবে সাধারণ গ্রাহকদের ব্যবহারের ১২ কেজি সিলিন্ডারের দাম গত মাসের তুলনায় কমেনি বা বাড়েনি।