৮৭ বল হাতে রেখেই বাংলাদেশের দাপুটে জয়

সিরিজ বাঁচানোর ‘ডু অর ডাই’ ম্যাচে নিউজিল্যান্ডকে পাত্তাই দিল না বাংলাদেশ। নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ের পর তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর অনবদ্য ব্যাটিংয়ে কিউইদের ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ৮৭ বল হাতে রেখেই পাওয়া এই বিশাল জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফেরাল বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে বাংলাদেশের পেস আক্রমণের তোপে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে তারা। ক্যারিয়ারের দ্বিতীয় ‘ফাইফার’ তুলে নিয়ে কিউই ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তরুণ পেসার নাহিদ রানা। মাত্র ৩২ রান খরচায় তিনি শিকার করেন ৫ উইকেট। ওপেনার নিক কেলি একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে হাঁটলেও ৮৩ রানে তাকে থামান শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। শরিফুল নেন ২ উইকেট এবং সৌম্য, তাসকিন ও রিশাদ পান ১টি করে উইকেট।
১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত ১২০ রানের মহাগুরুত্বপূর্ণ জুটি গড়ে জয়ের পথ সুগম করেন। তানজিদ মাত্র ৩৩ বলে ঝোড়ো ফিফটি পূর্ণ করে ৭৬ রানে আউট হন। অন্যদিকে, দীর্ঘ ১৩ ইনিংসের খরা কাটিয়ে ৭১ বলে ফিফটির দেখা পান শান্ত। তবে হাফ সেঞ্চুরি ছোঁয়ার পরই পায়ের পেশির টানে (ক্র্যাম্প) রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।
শান্তর মাঠ ছাড়ার পর জয়ের বাকি আনুষ্ঠানিকতাটুকু সারেন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। হৃদয়ের অপরাজিত ৩০ রান এবং মিরাজের ৮ রানে ৩৩.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। নিজের শততম ওয়ানডে ম্যাচ খেলতে নামা লিটন দাস মাত্র ৭ রান করে বিদায় নিলেও দলের জয়ে তা বাধা হয়ে দাঁড়ায়নি।
এই জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি এখন রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।

















