৫০ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও সহিংসতা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকার বিনিময়ে তাঁর জামিনের এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে বর্তমানে অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নেই। ফলে এই মামলায় জামিন পাওয়ায় তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকছে না। এর আগে গত ৭ এপ্রিল ভোরে এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের ওপর দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ওই হামলায় আশরাফুল ওরফে ফাহিম নামে এক যুবক চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে লালবাগ থানায় মামলাটি দায়ের করা হয়, যেখানে শিরীন শারমিন চৌধুরীকেও আসামি করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশত্যাগ করলে সংসদ ভেঙে দেওয়া হয়। সংবিধান অনুযায়ী পরবর্তী স্পিকারের শপথ পর্যন্ত তাঁর পদে থাকার নিয়ম থাকলেও, ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মাধ্যমে রাজনীতিতে আসা শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালে বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং টানা তিন মেয়াদে এই গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।

















