৩৯ বছরে সাকিব: রেকর্ডের বরপুত্র ও ক্রিকেটের মহাবিস্ময়

বাংলাদেশ ক্রিকেটের প্রবাদপুরুষ এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আজ ৩৯তম জন্মদিন। ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন ক্রিকেটের এই বিস্ময়বালক।
২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে আজ অব্দি ব্যাট ও বল হাতে বিশ্বক্রিকেটে নিজের একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন তিনি। সময়ের সাথে সাথে একের পর এক রেকর্ড ভেঙে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার বিরল রেকর্ডটি আজও সাকিবের নামের পাশেই উজ্জ্বল।
মাঠের পারফরম্যান্সে যেমন আলো ছড়িয়েছেন, তেমনি মাঝেমধ্যে বিতর্কও তাকে ঘিরে ধরেছে। তবে সব প্রতিকূলতা জয় করে দলের প্রয়োজনে বারবার নিজেকে উজাড় করে দিয়ে তিনি হয়ে উঠেছেন টাইগাদের ভরসার প্রতীক।
পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ঝুলিতে রয়েছে ১৪ হাজারের বেশি রান এবং ৭০০-এর কাছাকাছি উইকেট। বিশেষ করে ২০১৯ বিশ্বকাপে এক আসরে ৬০৬ রান ও ১১ উইকেট নেওয়ার অতিমানবীয় কীর্তি বিশ্ব ক্রিকেটে তাঁকে অমর করে রেখেছে। বর্তমানে ৩৯ বছর বয়সেও তিনি সমানতালে লড়াই করে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন লিগ ও আন্তর্জাতিক মঞ্চে।
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৭১ ম্যাচে ৫টি সেঞ্চুরিসহ ৪৬০৯ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২৪৬টি উইকেট।
অন্যদিকে, ওয়ানডে ফরম্যাটে ২৪৭ ম্যাচে ৯টি সেঞ্চুরিসহ ৭৫৭০ রান এবং ৩১৭টি উইকেট নিয়ে তিনি বাংলাদেশের ক্রিকেটের সফলতম অলরাউন্ডার। টি-টোয়েন্টি ক্রিকেটেও ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশ ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তির জন্মদিনে আজ দেশ-বিদেশের অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

















