২৫ বছর প্রতীক্ষার পর প্রিমিয়ার লিগে কভেন্ট্রি সিটি, পেছনে ল্যাম্পার্ড

দীর্ঘ আড়াই দশকের অপেক্ষা শেষে ফের ইংলিশ ফুটবলের সর্বোচ্চ আসর ‘প্রিমিয়ার লিগে’ফেরার সুযোগ পেয়েছে কভেন্ট্রি সিটি। শুক্রবার রাতে ইডউড পার্কে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করে লিগের তিন ম্যাচ হাতে রেখেই পদোন্নতি নিশ্চিত করেছে ল্যাম্পার্ডের শীষ্যরা।
এই ম্যাচে হার এড়াতে পারলেই প্রিমিয়ার লিগ নিশ্চিত—এমন সমীকরণ নিয়ে ব্ল্যাকবার্নের মাঠে নামে কভেন্ট্রি। প্রথমার্ধেই রয়োয়া মরিশিতার গোলে পিছিয়ে যায় তারা। খেলা প্রায় শেষ হতে চললেও গোল শোধ করতে না পারায় সমর্থকরাও হতাশ হওয়ার দশা। এমন সময় ৮৪ মিনিটে ত্রাতা হয়ে আসেন ডিফেন্ডার ববি থমাস। তার জোরালো হেডার জালে জড়ালে অবসান ঘটে আড়াই দশকের অপেক্ষার।
২০০১ সালে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হওয়ার পর ক্লাবটি এমনকি তৃতীয় বিভাগেও নেমে গিয়েছিল। গত নভেম্বরে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড কোচের দায়িত্ব নেওয়ার পর দলের চেহারা বদলাতে থাকে। তারুণ্যনির্ভর দলটিকে সুশৃঙ্খল ফুটবলে অভ্যস্ত করে ল্যাম্পার্ড মাত্র কয়েক মাসের মাথায় ক্লাবটিকে লিগ টেবিলের শীর্ষ দুইয়ে নিয়ে আসেন।
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠে উপস্থিত হাজার হাজার কভেন্ট্রি সমর্থক উল্লাসে ফেটে পড়েন। ২৫ বছর আগের সেই স্মৃতি ফিরিয়ে এনে শহরজুড়ে শুরু হয় উৎসব। ক্লাবটির কোচ ল্যাম্পার্ড বলেন, ‘এটি শুধু একটি পদোন্নতি নয়, এটি একটি শহরের পুনর্জন্ম।’
সরাসরি পদোন্নতি নিশ্চিত হওয়ায় ক্লাব কর্তৃপক্ষ এখন প্রিমিয়ার লিগের জন্য দল গোছানোর পরিকল্পনা শুরু করেছে। তবে তার আগে চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে মৌসুমটি স্মরণীয় করে রাখাই এখন কভেন্ট্রির বড় লক্ষ্য।

















