১৮০ দিনের মধ্যে ১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই

দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে আগামী ১৮০ দিনের মধ্যে ১০ হাজার ৫৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে ২ হাজার ৩৩৬টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসা রয়েছে।
আজ বুধবার জাতীয় সংসদে সংসদ সদস্য সেলিম রেজার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ মনে করে এবং ডিজিটাল বৈষম্য কমাতে প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য অনন্য ডিজিটাল পরিচয় বা ‘এডু-আইডি’ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।
শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা এবং প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের কাজ বাস্তবায়িত হচ্ছে।
এছাড়া মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন এবং শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করতে আগামী ৬ মাসের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), সাইবার সিকিউরিটি ও পাইথন প্রোগ্রামিংয়ের মতো আধুনিক বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরেই ২ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় ‘স্কুল ফিডিং’ বা মিড-ডে মিল চালু করা হবে। পাশাপাশি নারী শিক্ষার প্রসারে প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে যে, সরকারের ৪৩টি বিশেষ ক্ষেত্র চিহ্নিত করে গৃহীত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মূল লক্ষ্য হলো একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা।

















