হাম মোকাবিলায় ৬০৪ কোটি টাকার টিকা কিনছে সরকার

দেশে সম্প্রতি হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন করে টিকা কেনার উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হামের টিকা সংগ্রহের জন্য ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী উল্লেখ করেন, গত ১৫ দিনে দেশে হামের প্রবণতা লক্ষ্যণীয়ভাবে বেড়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংক্রামক ব্যাধি হাসপাতালের পাশাপাশি ডিএনসিসি হাসপাতালেও হামের রোগীদের জন্য আলাদা কর্নার করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন যে, বিগত ৮ বছর কোনো সরকার হামের টিকা না দেয়ায় বর্তমানে এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে বর্তমান সরকার এই সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিচ্ছে।
চিকিৎসা সেবার মান উন্নয়নে মন্ত্রী জানান, বেসরকারি অনুদানের মাধ্যমে পাঁচটি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে চারটি আগামীকালই রাজশাহীতে পাঠানো হবে। স্বাস্থ্য খাতের দুর্নীতি দূর করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতের নতুন নতুন সংকট মোকাবিলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন এবং মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে কাজ চলছে।

















