হানিফ সংকেতের নামে ভুয়া ফটোকার্ড না ছড়াতে কঠোর বার্তা

জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব ও খ্যাতিমান নির্মাতা হানিফ সংকেতের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
২৬ মার্চ (বৃহস্পতিবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই অপপ্রচার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
জানা গেছে, গত ২৫ মার্চ থেকে ফেসবুকে হানিফ সংকেতের ছবি সংবলিত বেশ কিছু ফটোকার্ড ভাইরাল হয়। সেখানে তার উপস্থাপনা শৈলী ও ছন্দ অনুকরণ করে বিভিন্ন রাজনৈতিক ও বিভ্রান্তিকর বক্তব্য জুড়ে দেওয়া হয়েছে। অনেকেই সত্যতা যাচাই না করেই এসব পোস্ট শেয়ার করছেন, যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিষয়টি নজরে আসার পর ফেসবুক বিবৃতিতে হানিফ সংকেত জানান, সত্যতা যাচাই না করে সামাজিক মাধ্যমে কিছু পোস্ট বা শেয়ার করা শুধু অন্যায় নয়, অপরাধও। প্রযুক্তির অপব্যবহার নিয়ে সতর্ক করে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “দীর্ঘ চার দশক ধরে আমি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই নিরপেক্ষতা ও স্বাতন্ত্র্য বজায় রেখে সুস্থ সংস্কৃতির বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছি। উক্ত ফটোকার্ডের কথাগুলো আমার উপস্থাপনা শৈলীর অনুকরণে ছন্দবদ্ধভাবে লেখা হলেও সেগুলোর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।”
হানিফ সংকেত স্পষ্টভাবে জানিয়েছেন, তার প্রকৃত বক্তব্য, উক্তি বা ফটোকার্ড কেবল তার নিজস্ব ভেরিফায়েড প্ল্যাটফর্ম এবং স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশ করা হয়। অচেনা বা অখ্যাত উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত না হতে এবং সুস্থ ও সচেতন সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন এই কিংবদন্তি উপস্থাপক।

















