হরমুজ প্রণালীতে জাহাজ আটকে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো সমাধান ছাড়াই ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মাথায় বিশ্বজুড়ে নতুন উত্তেজনার পারদ চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা করেছেন, মার্কিন বাহিনী অবিলম্বে হরমুজ প্রণালীতে প্রবেশ বা প্রস্থানের চেষ্টাকারী যেকোনো জাহাজকে অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “একপর্যায়ে আমরা ‘সবার অবাধ প্রবেশাধিকার’ নীতিতে পৌঁছাতে চেয়েছিলাম, কিন্তু ইরান তা হতে দেয়নি।”
তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, আন্তর্জাতিক জলসীমায় থাকা এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করে আটক করতে হবে, যারা ইরানকে টোল দিয়েছে। যারা অবৈধভাবে ইরানকে টোল পরিশোধ করবে, গভীর সমুদ্রে তাদের চলাচলের কোনো নিরাপত্তা থাকবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
বিশ্বের মোট ব্যবহৃত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশই এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ছিল অন্যতম প্রধান কারণ। দুই দেশের মধ্যে কার্যকর থাকা শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল এই পথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা, যা এখন ট্রাম্পের হুমকির মুখে হুমকির মুখে পড়ল।
অন্যদিকে, ইরানও তাদের অবস্থানে অনড় রয়েছে। ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার হাজি বাবাই মেহের নিউজ এজেন্সিকে জানিয়েছেন, হরমুজ প্রণালী ইরানের জন্য একটি ‘রেড লাইন’। এটি পুরোপুরি তেহরানের নিয়ন্ত্রণে এবং এর টোল অবশ্যই ইরানি মুদ্রা রিয়ালে পরিশোধ করতে হবে।
গত শনিবার ট্রাম্প দাবি করেছিলেন যে প্রণালীটি শিগগিরই খুলে দেওয়া হবে। কিন্তু আলোচনার টেবিলে সমঝোতা না হওয়ায় এখন উল্টো রণহুঙ্কার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, যা বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের ভাবিয়ে তুলছে।

















