হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের আল্টিমেটামের সময় বাড়লো

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে নতুন করে আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে তিনি মঙ্গলবার রাতের মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন।
এই সময়সীমার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, ‘তাদের কোনও বিদ্যুৎকেন্দ্র এবং সেতু আর দাঁড়িয়ে থাকবে না।’
ট্রাম্প এরপর সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন। এতে তিনি ইরানের নাম উল্লেখ না করে এবং বিস্তারিত কিছু না জানিয়ে লেখেন, ‘মঙ্গলবার রাত ৮ টা ইর্স্টান টাইম!’
এর আগে রোবাবার আরেকটি পোস্টে ট্রাম্প লিখেছিলেন, ‘ইরান হরমুজ প্রণালি মঙ্গলবারের মধ্যে খুলে না দিলে তাদের অবকাঠামোগুলো হামলার মুখে পড়বে।’
তবে সেই পোস্টে ট্রাম্প নির্দিষ্ট কোনও সময় উল্লেখ করেননি। শনিবার ট্রাম্প ইরানকে একটি চু্ক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তেহরানের সময় শেষ হয়ে যাচ্ছে বলে হুঁশিয়ার করেন তিনি।
ইরান যদি এই সময়সীমার মধ্যে একটি চুক্তি করতে ব্যর্থ হয় বা গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে না দেয় তাহলে দেশটিতে আরও তীব্র হামলা চালানোর হুমকি দেন ট্রাম্প।
শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘স্মরণ করুন যখন আমি ইরানকে একটি চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম। সময় ফুরিয়ে যাচ্ছে- তাদের ওপর নরক নেমে আসার আগে ৪৮ ঘণ্টা আছে। ঈশ্বরের গৌরব হোক!’
৬ এপ্রিল সোমবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ৮টায় এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তার মধ্যেই আবার নতুন করে হরমুজ প্রণালি খুলতে ইরানকে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত সময় দিলেন ট্রাম্প।

















