স্বর্ণের দাম ভরিতে কমলো ৭,৬৯৮ টাকা

আসন্ন ঈদুল ফিতরের আগে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দুই দফায় দাম কমিয়ে সবশেষ প্রতি ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা হ্রাসের ঘোষণা দিয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫২ হাজার ৬২৫ টাকা থেকে কমে এখন ২ লাখ ৪৪ হাজার ৯২৭ টাকায় দাঁড়িয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) সরবরাহ বৃদ্ধি ও দাম কমায় এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
গত বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই দাম কমার তথ্য নিশ্চিত করেছে। নতুন এই দর ওইদিন বিকেল ৩টা ৪৫ মিনিট থেকেই কার্যকর হয়েছে এবং আজ সোমবারও একই দামে বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং স্থানীয় চাহিদার কথা বিবেচনা করে স্বর্ণের এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা ঈদের কেনাকাটায় সাধারণ ক্রেতাদের জন্য বড় সুযোগ তৈরি করবে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৪ হাজার ৯২৭ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৩ হাজার ৪৭৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হচ্ছে। উল্লেখ্য, চলতি ২০২৬ সালে এ পর্যন্ত ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৯ বার কমানো হয়েছে।

















