স্বরাষ্ট্রমন্ত্রী সংসদীয় বিধি ভঙ্গ ও জাতিকে বিভ্রান্ত করেছেন: এনসিপি নেতা ফারুক আহসান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে সংসদীয় বিধি ভঙ্গ এবং জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন।
রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ৩০১ বিধির অধীনে ‘পয়েন্ট অফ অর্ডার’ নিয়ে রাজনৈতিক বক্তব্য দিয়ে সংসদীয় রীতির চরম অপপ্রয়োগ করেছেন। ফারুক আহসানের মতে, স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীর কাছে প্রদত্ত নোটিশের জবাব যেভাবে ৩০১ বিধি অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছেন, তা সরাসরি বিধি বহির্ভূত এবং অতিরঞ্জিত।
ফারুক আহসান তার বক্তব্যে উল্লেখ করেন, রোববার সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী যে বিধিগুলোর কথা বলেছেন, তা থেকে স্পষ্ট যে তিনি বিধিগুলো না পড়েই শুধুমাত্র আত্মবিশ্বাসের ওপর ভর করে কথা বলেছেন।
বিধি ৬২ অনুযায়ী কোনো ‘সাম্প্রতিক এবং জনগুরুত্বপূর্ণ’ বিষয় নিয়ে আলোচনার জন্য তিনটি নোটিশ প্রয়োজন, যার একটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে যাওয়ার কথা। যেহেতু ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ আইন মন্ত্রণালয়ের অধীন, তাই নোটিশটি আইনমন্ত্রীর পাওয়ার কথা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর নয়। এছাড়া বিধি ৬৮-এর অধীনে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পঁচিশ জনের স্বাক্ষরিত নোটিশের কথা বললেও ফারুক আহসান দাবি করেন, মাত্র পাঁচজন সদস্য নোটিশ দিলেই এই বিধিতে আলোচনা করা সম্ভব।
তিনি আরও অভিযোগ করেন, বিধি ৬৩-এর ভুল ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে বিভ্রান্ত করতে চেয়েছেন। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্য বর্তমান আইন ও গণভোটের রায় নিয়ে থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন। পরিশেষে ফারুক আহসান পরামর্শ দেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী যেন এ ধরনের ‘চমক দেখানো’ বক্তব্য দিয়ে সংসদ ও জাতিকে বিভ্রান্ত না করে বরং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দিকে বেশি মনোযোগ দেন।

















