স্বরাষ্ট্রমন্ত্রীকে আসিফ নজরুলের ধন্যবাদ

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়ার অধ্যাদেশ সরকার গ্রহণ করবে—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের জন্য বিএনপি সরকারকে ধন্যবাদ জানান।
আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন, “আজ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকার। ধন্যবাদ বিএনপি সরকারকে।”
এর আগে মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আন্দোলনকারীদের ইনডেমনিটি বা দায়মুক্তি দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে দেখছে এবং সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো গ্রহণ করা হবে।
মন্ত্রী আরও জানান, বিগত সরকারের আমলে দলীয়করণকৃত বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন সংক্রান্ত অধ্যাদেশগুলোও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকবে।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপিত ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ নেতা জয়নুল আবেদীনের সভাপতিত্বে গঠিত এই কমিটিতে জামায়াতে ইসলামীর প্রতিনিধিরাও রয়েছেন।
আগামী ২ এপ্রিলের মধ্যে কমিটিকে এসব অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন সংসদে জমা দিতে হবে। আসিফ নজরুলের এই ধন্যবাদ সূচক পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

















