স্বচ্ছতা নিশ্চিতে সরকারি কাজে সাশ্রয়ী হচ্ছি আমরা: মুক্তিযুদ্ধমন্ত্রী

সরকার পরিচালনায় স্বচ্ছতা ও মিতব্যয়িতা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, “তারেক রহমানের সরকার সব ক্ষেত্রে স্বচ্ছতা সাধনে কাজ করছে। আমাদেরও নির্দেশ দেওয়া হয়েছে মিতব্যয়ী হতে। যার ফলে আমরা মন্ত্রণালয়ে এসি ব্যবহার করি না, ফ্যান ব্যবহার করি।”
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের সখীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ এবং পিজি খামারিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগের সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের অর্থনীতিকে এক বেহাল দশায় রেখে গেছে। এরপর অন্তর্বর্তী সরকার চেষ্টা করলেও দেশ এমনভাবে দেউলিয়া হয়েছে যে, দীর্ঘ সময়েও জনগণের জন্য পর্যাপ্ত কিছু দেওয়া সম্ভব হয়নি। বর্তমান সরকার একেবারে শূন্য হাতে কাজ শুরু করেছে।”
দেশকে স্বনির্ভর করতে সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “তারেক রহমান দেশকে একটি দৃঢ় অবস্থানে নিয়ে আসার চেষ্টা করছেন। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা খুব দ্রুত একটি স্বনির্ভর অর্থনীতির দেশ হিসেবে পরিচিতি লাভ করব।”

















