স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী ও প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, মরহুমার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে উপস্থিত সকলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল রোববার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর মরদেহ দেশে আনা হয়।
উল্লেখ্য, অধ্যাপক দিলারা হাফিজ কর্মজীবনে ইডেন মহিলা কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

















