স্টেডিয়ামের জমি ও ফাইল গায়েব, নিজের ইজ্জত রক্ষায় সংসদে এমপির আকুতি

কাগজে-কলমে নাম আছে ‘কুমিল্লা দক্ষিণ মিনি স্টেডিয়াম’, কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। জমি থেকে শুরু করে বরাদ্দকৃত অর্থের ফাইল সবই যেন কর্পূরের মতো উবে গেছে। এমন এক ‘ভুতুড়ে’ স্টেডিয়াম নিয়ে সংসদ অধিবেশনে চরম ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। স্টেডিয়ামটি উদ্ধারে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
আজ রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে জরুরি জন-গুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এই বিস্ফোরক অভিযোগ করেন।
মনিরুল হক চৌধুরী জানান, ২০০৪ সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সৃষ্টির পর সেখানে একটি মিনি স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে সেই প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চললেও এখন দেখা যাচ্ছে সব গায়েব।
তিনি বলেন, “আমি শুনেছি স্টেডিয়াম উধাও হয়ে গেছে, টাকা লুটপাট হয়ে গেছে। সরকার বলছে স্টেডিয়াম ওখানে আছে, কিন্তু আমি কুমিল্লা জেলায় সাধ্যমতো খুঁজেও এই নামে কোনো স্টেডিয়ামের অস্তিত্ব পাইনি।”
দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের সাথে জড়িত থাকা এই প্রবীণ রাজনীতিক আবেগপ্রবণ হয়ে বলেন, “কুমিল্লা দক্ষিণ উপজেলার নামে কেনাকৃত জমি ও বরাদ্দকৃত সম্পত্তির ফাইলটি উধাও হয়ে গেছে। বিষয়টি এখন আমার ইজ্জতের ব্যাপার। আমি সারা জীবন ক্রীড়াঙ্গনে কাটিয়েছি, অথচ এখন আমার এলাকায় স্টেডিয়াম খুঁজে পাচ্ছি না।”
তিনি অভিযোগ করেন, স্টেডিয়ামের জমি রেকর্ডে চরম গাফিলতি করা হয়েছে এবং বরাদ্দকৃত অর্থ ও ক্রীড়াসামগ্রী আত্মসাৎ করা হয়েছে। নথিপত্র চুরির মাধ্যমে দুর্নীতির প্রমাণ মুছে ফেলার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
আলোচনার এক পর্যায়ে মনিরুল হক চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রীও এই সংসদে আছেন। আমি তার কাছে অনুরোধ করি এই স্টেডিয়ামটি কোথায় গেল? তা উদ্ধার করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন।”
এ সময় বক্তব্য চলাকালীনই নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় তার মাইক্রোফোন বন্ধ হয়ে যায়।
এর আগে একই অধিবেশনে সড়ক পরিবহন মন্ত্রীর জবাবেও অসন্তোষ প্রকাশ করেন এই সংসদ সদস্য। মহাসড়কের অব্যবস্থাপনা এবং বিগত সরকারের আমলের সচিবদের শেখানো বুলি বর্তমান মন্ত্রীরা আওড়াচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন। তবে ‘নিখোঁজ’ স্টেডিয়ামের ইস্যুটি সংসদে উপস্থিত সকল সদস্যের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

















