সৌদি প্রো লিগে জয়ের পুরনো রেকর্ড ভাঙল আল-নাসর

সৌদি প্রো লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে আল-নাসর। শনিবার রাতে আল-আখদুদকে ২-০ গোলে হারিয়ে ক্লাবের ইতিহাসে টানা সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছে তারা। দলের জয়ে বড় অবদান মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর, সাথে আছেন আরেক পর্তুগিজ জোয়াও ফেলিক্স।
প্রো লিগে এটি আল-নাসরের টানা ১৪তম জয়। এর মাধ্যমে তারা ২০১৩-১৪ মৌসুমের নিজেদের আগের রেকর্ডটি ভাঙলো।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আল-নাসর। খেলার ১৫তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন রোনালদো। চলতি মৌসুমে এটি তার ২৪তম গোল। লিগের সর্বোচ্চ গোলদাতা আল-আহলির ইভান টোনি থেকে তিনি আর মাত্র ৩ গোল দূরে।
বিরতির ঠিক পরেই ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। ৪৭তম মিনিটে কিংসলে কোম্যানের জোরালো হেডার পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করেন জোয়াও ফেলিক্স।
এই জয়ের ফলে ২৮ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে আল-নাসর। লিগে এখনো ৬টি ম্যাচ বাকি থাকা অবস্থায় দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান দাঁড়াল পাঁচে। লিগের শিরোপা লড়াইয়ে এখন বেশ সুবিধাজনক অবস্থানেই আছে রোনালদোর দল।

















