সৌদি আরব ছাড়ার জরুরি সতর্কতা মার্কিন নাগরিকদের

মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল এবং অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে দেশত্যাগের অনুরোধ জানানো হয়েছে এই বিশেষ সতর্কবার্তায়।
মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে বিরাজমান চরম উত্তেজনাকর পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে। নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্টেট ডিপার্টমেন্ট সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
যেকোনো সময় মধ্যপ্রাচ্যের আকাশপথের যোগাযোগ সীমিত বা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আগেভাগেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মূলত ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সরাসরি সংঘাত এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলার প্রভাবে পুরো অঞ্চলে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই অনিশ্চিত পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার এবং চলাচলের ক্ষেত্রে স্থানীয় নিরাপত্তা নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, কেবল সৌদি আরব নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এখন নাজুক। মার্কিন প্রশাসনের এই তড়িঘড়ি পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে, সামনের দিনগুলোতে সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে। ইতোমধ্যেই বিভিন্ন এয়ারলাইনস তাদের রুট পরিবর্তন বা ফ্লাইট বাতিলের কথা বিবেচনা করছে।

















