সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত আরেক বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের আল খারিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় আহত এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামের ওই প্রবাসী মারা যান।
নিহত মামুন ময়মনসিংহের গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। বুধবার সকালে ছেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে শহীদ সওদাগর। মামুন একটি ছেলে সন্তানের জনক।
গত ৮ মার্চ সন্ধ্যায় সৌদি আরবের আল খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হন, আহত হন কয়েকজন। ওই হামলায় এ পর্যন্ত তিনজন বাংলাদেশির মৃত্যু হলো।
বিস্ফোরণে মামুনের শরীরের ৭২ শতাংশ পুড়ে যায়। তিনি সৌদি আরবের আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহত মামুনের মামাতো ভাই শাওন মড়ল বলেন, মঙ্গলবার সৌদি আরব সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মামুনের মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীরা শোকাহত। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আল খারিজ শহরের এ হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছিল। নিহতরা হলেন, কিশোরগঞ্জের কটিয়াদির বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখিপুরের মোশাররফ হোসেন।

















