সৃষ্টিকর্তাকেও ইরান যুদ্ধে জড়াতে ছাড়লেন না ডোনাল্ড ট্রাম্প!

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের আবহে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, সৃষ্টিকর্তা ব্যক্তিগতভাবে কোনো সংঘাত বা যুদ্ধ পছন্দ না করলেও, চলমান ইরান যুদ্ধে তিনি আমেরিকার পাশেই আছেন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প জোর দিয়ে বলেন যে ঈশ্বর দয়ালু এবং তিনি চান মানুষের যত্ন নেওয়া হোক। আর সেই জায়গা থেকেই তিনি মার্কিন সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন বলে ট্রাম্প মনে করেন।
সম্প্রতি ইস্টার পরবর্তী এক সংবাদ সম্মেলনে মার্কিন সামরিক শক্তির প্রশংসা করে ট্রাম্প একে ‘অন্যতম সেরা সামরিক সময়’ হিসেবে অভিহিত করেন।
তিনি স্বীকার করেন যে যুদ্ধ কোনো সুখকর বিষয় নয় এবং তিনি নিজে বা ঈশ্বর কেউই বর্তমান পরিস্থিতি নিয়ে আনন্দিত নন। তবে বৃহত্তর স্বার্থে এবং জনগণের নিরাপত্তার খাতিরে মার্কিন অবস্থানকে তিনি সঠিক বলে দাবি করেন। গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে।
ট্রাম্প এর আগে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন যে, তারা যদি মার্কিন দাবি মেনে না নেয় তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। আন্তর্জাতিক মহলে ট্রাম্পের এই ধর্মীয় অনুষঙ্গ টেনে আনা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হলেও তিনি নিজের অবস্থানে অনড় রয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের এই কঠিন সময়ে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে মার্কিন জনগণের সমর্থন সুসংহত করাই প্রেসিডেন্টের মূল লক্ষ্য।

















