সালমান খানের নতুন সিনেমা মাতৃভূমির মুক্তি পেছালো

ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘মাতৃভূমি’। তবে সাম্প্রতিক এক সিদ্ধান্তে ছবিটির মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ছবিটি আগামী আগস্ট মাসে ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
সিনেমাটির নাম পরিবর্তন এবং কারিগরি কিছু সংশোধনের কারণেই মূলত এই বিলম্ব বলে জানা গেছে। শুরুতে এই প্রজেক্টের নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’, যা পরবর্তীতে পরিবর্তন করে রাখা হয়েছে ‘মাতৃভূমি’। নাম পরিবর্তনের পাশাপাশি ছবির কিছু অংশে প্রয়োজনীয় পরিমার্জন ও সংশোধনী আনার কাজ চলছে, যার ফলে নির্ধারিত সময়ে এটি প্রেক্ষাগৃহে আসতে পারছে না।
২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা বাহিনীর মধ্যকার ঐতিহাসিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে এই সিনেমা। এতে সালমান খান অভিনয় করছেন কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে, যিনি সীমান্তে সরাসরি ভারতীয় সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন।
অপূর্ব লাখিয়ার পরিচালনায় ‘সালমান খান ফিল্মস’-এর ব্যানারে নির্মিত এই ছবিতে আরও রয়েছেন চিত্রাঙ্গদা সিং, অভিলাষ চৌধুরী ও অঙ্কুর ভাটিয়ার মতো অভিনয়শিল্পীরা। এর আগে সালমান খানকে সর্বশেষ ‘সিকান্দার’ ছবিতে রাশমিকা মান্দানার বিপরীতে দেখা গিয়েছিল।

















