সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা

দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিবলী সাদিক যখন জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আত্মগোপনে রয়েছেন, ঠিক তখনই তার দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক সিমু মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
সোমবার (৩০ মার্চ) রাতে মুমূর্ষু অবস্থায় তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
আত্মহননের পথ বেছে নেওয়ার আগে খাদিজা মল্লিক সিমু তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে তিনি গত ৭ বছরের বৈবাহিক জীবনে সহ্য করা অন্যায়, জুলুম ও মানসিক নির্যাতনের বর্ণনা দিয়ে লেখেন, “আমি যথেষ্ট ‘strong’ ছিলাম! আল্লাহর প্রতি আমার অনেক ভরসা রয়েছে! কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায়, জুলুম আমি আর নিতে পারছি না। বিয়ের ২-৩ মাস পর থেকে এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।”
সিমু তার এই চরম পরিণতির জন্য সরাসরি স্বামী শিবলী সাদিক এবং তার আরও কয়েকজন সহযোগীকে দায়ী করেছেন। তিনি উল্লেখ করেন যে, তার সমস্ত প্রমাণ তার বাবা-মায়ের কাছে গচ্ছিত আছে।
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক মুসা আল আশারী জানান, রাত সোয়া ৮টার দিকে সিমুকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শিবলী সাদিক আত্মগোপনে যাওয়ার পর থেকে সিমু হিলিতে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ২০১৯ সালের জুন মাসে তাদের বিয়ে হয়েছিল। এর আগে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার সঙ্গেও শিবলী সাদিকের বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটেছিল।
এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করা এই ঘটনায় এখন পর্যন্ত আত্মগোপনে থাকা শিবলী সাদিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

















