সাদিক কায়েম ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন: ছাত্রদল সভাপতি রাকিব

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান ভিপি সাদিক কায়েমকে ‘বাংলাদেশ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বুধবার (২৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই দাবি করেন।
রাকিবুল ইসলাম রাকিব তার পোস্টে ২০১৮ সালের ৩১ জুলাই রাত ১১টায় ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটির প্রসঙ্গ টেনে লেখেন, “কমিটি ঘোষণার ১ ঘণ্টার মধ্যে সূর্যসেন হল শাখা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদকের সঙ্গে লবিং করার জন্য ব্যাকুল হয়ে এসএমএস করেন।”
তিনি আরও অভিযোগ করেন, সূর্যসেন হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদ পাওয়ার আশায় সাদিক কায়েম ছাত্রলীগের তৎকালীন শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রক্ষা করেছেন। রাকিব ক্ষোভ প্রকাশ করে লেখেন, “অথচ ৫ আগস্টের পর থেকে সেই ছাত্রলীগের একনিষ্ঠ কর্মীই আজ দেশ ও জাতিকে সাহসিকতার গল্প শোনায়!” পোস্টের শেষে তিনি যোগ করেন, ‘History repeats itself’ (ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি করে)।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদিক কায়েমের পুরনো কিছু টেক্সটের স্ক্রিনশট ভাইরাল হয়, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদেরও শেয়ার করেছেন। ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটে দেখা যায়, ২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে তৎকালীন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সালাম দিয়ে নিজেকে হলের ‘ছোট ভাই’ হিসেবে পরিচয় দিয়েছেন সাদিক কায়েম।
আলোচিত সেই পোস্টের কমেন্টে গোলাম রাব্বানী লিখেছেন, “যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোটভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকাও খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম না।” তবে স্ক্রিনশটে দেখা গেছে, সাদিক কায়েমের পাঠানো মেসেজগুলোর কোনো উত্তর দেননি গোলাম রাব্বানী।
৫ আগস্ট পরবর্তী সময়ে ডাকসু ভিপি হিসেবে সাদিক কায়েমের অবস্থান এবং এখন ছাত্রদলের পক্ষ থেকে আসা এই অভিযোগ নিয়ে ক্যাম্পাসে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সাদিক কায়েমের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

















