সাগর পাড়ি দিয়ে চট্টগ্রামে এলো ২৬ হাজার টন জ্বালানি তেল

দেশের জ্বালানি তেলের বাজার ও সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে বিশাল এক অকটেনের চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বিদেশি ফুয়েল ট্যাঙ্কার ‘এমটি সেন্ট্রাল স্টার’।
মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি ২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে সরাসরি মালয়েশিয়া থেকে যাত্রা করে বুধবার রাতে বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালের মধ্যেই পতেঙ্গার ডলফিন জেটিতে জাহাজটি নোঙর করার কথা রয়েছে এবং এরপরই দ্রুততার সাথে অকটেন খালাস প্রক্রিয়া শুরু করা হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের জাহাজগুলোকে বার্থিংয়ের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে তারা বদ্ধপরিকর এবং ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজ থেকে তেল ও গ্যাস খালাস করা হয়েছে। পাইপলাইনে আরও বেশ কিছু জাহাজ অপেক্ষমাণ রয়েছে যা পর্যায়ক্রমে বন্দরে ভিড়বে।
উল্লেখ্য যে, গত মার্চ মাসেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল ও গ্যাসের ব্যাপক সরবরাহ লক্ষ্য করা গেছে।
বন্দর কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে মোট ৩৩টি জ্বালানি ও গ্যাসবাহী জাহাজ বন্দরে নোঙর করেছিল, যার মধ্যে ১৫টি জাহাজ ছিল বিভিন্ন ধরনের জ্বালানি তেলের। এছাড়া ৮টি এলএনজি ও ৯টি এলপিজিবাহী জাহাজও এই তালিকায় ছিল।
নিয়মিত এই আমদানির ফলে দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটানো সম্ভব হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

















