সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত, থাকছে নারীদের জন্য সুব্যবস্থা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ বছর বিশেষ সংযোজন হিসেবে ধর্মপ্রাণ নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজ আদায়ের সুব্যবস্থা রাখা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং পার্শ্ববর্তী এলাকার নারী-পুরুষ নির্বিশেষে সকল মুসল্লি এই জামাতে অংশগ্রহণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন করার লক্ষ্যে প্যান্ডেলসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে কিছু বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
মুসল্লিরা কেবল জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা সঙ্গে আনতে পারবেন। তবে কোনো ধরণের ব্যাগ বা অপ্রয়োজনীয় বস্তু সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে নারী ও পুরুষ সকল মুসল্লিকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

















