শেখ হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে নদীর পাড়ে যুবলীগের গোপন শপথ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর তীরে রাতের আঁধারে গোপন শপথ নিয়েছেন যুবলীগের শতাধিক নেতাকর্মী।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর থেকে এই শপথ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলাজুড়ে ব্যাপক তোলপাড় ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
২ মিনিট ৪১ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, মেঘনা নদীর তীরবর্তী একটি দুর্গম ও নির্জন স্থানে প্রায় শতাধিক নেতাকর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাতে শপথ নিচ্ছেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন কমলনগর উপজেলার ১নং চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভাণ্ডারী। ভিডিওতে রিয়াদ ভাণ্ডারীকে বলতে শোনা যায়, “আমরা আমাদের নেত্রীকে ফিরিয়ে আনতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।”
স্থানীয় সূত্রে জানা গেছে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মেঘনা নদীর দুর্গম চরাঞ্চলে এই কর্মসূচি পালন করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে থাকলেও, নিভৃত চরাঞ্চলে এমন সুসংগঠিত জমায়েত ও ভিডিও বার্তায় স্থানীয় জনমনে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে চর কালকিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, “গত ১৫ বছর তারা সাধারণ মানুষের ওপর জুলুম চালিয়েছে। এখন শান্ত এলাকাকে আবার অশান্ত করার নীল নকশা তৈরি করছে তারা। চরের নির্জন এলাকায় এ ধরনের গোপন তৎপরতা কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। প্রশাসনের উচিত দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, সামাজিক শান্তি বজায় রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো অপতৎপরতা রুখতে পুলিশ তৎপর রয়েছে। ভাইরাল ভিডিওর সূত্র ধরে শপথ বাক্য পাঠকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিভৃত চরাঞ্চলে যুবলীগের এমন আকস্মিক মহড়া এবং শপথের ঘটনা এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়াতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

















