শিক্ষা মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, সে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করলে তাকে ২৪ ঘণ্টার মধ্যে বিদায় নিতে হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্যের একপর্যায়ে শিক্ষামন্ত্রী বলেন, “আমি এই মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালীন কেউ দুর্নীতি করলে সে ২৪ ঘণ্টাও পদে থাকতে পারবে না। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছি; আজকেও একজনকে বিদায় দিয়েছি।” প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে এমন পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
নতুন সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম বড় কোনো পাবলিক পরীক্ষা। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। গতবার পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। অর্থাৎ গত বছরের তুলনায় এবার প্রায় ৭৯ হাজার পরীক্ষার্থী কমেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পরবর্তী এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার একটি পরিকল্পনা সরকারের রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

















