‘শাকিব খান অনেক বড় মনের মানুষ বলেই এত বছর জনপ্রিয়’

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত নায়ক শরীফুল রাজ। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রতি নিজের মুগ্ধতা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন তিনি। শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ার এবং ব্যক্তিত্বের প্রশংসা করে রাজ বলেন, “আমার মনে হয় অনেক বড় মনের মানুষ না হলে অনেক বড় সুপারস্টার হওয়া যায় না।”
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানের বিশেষ এক পর্বে শাকিব খানকে নিয়ে স্মৃতিচারণ করেন রাজ।
তিনি জানান, ছোটবেলায় স্কুল পালিয়ে শাকিব খানের ‘মরণ নিশান’ সিনেমা দেখতে গিয়ে বাড়িতে মারও খেয়েছেন তিনি। শাকিব খানের দীর্ঘদিনের শীর্ষস্থান ধরে রাখা প্রসঙ্গে রাজ আরও বলেন, “শাকিব খানকে যতটুকু আমি কাছ থেকে দেখেছি, তিনি ভীষণ ভালো মানুষ বলেই এত বছর ধরে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন।”
পডকাস্টের এই আলাপচারিতায় শাকিব বন্দনার পাশাপাশি নিজের এক রোমাঞ্চকর স্বপ্নের কথাও জানান শরীফুল রাজ। তিনি প্রকাশ করেন যে, আগামী এক বছরের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন তিনি। শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে ইতোমধ্যেই বেশ কিছু প্রয়োজনীয় কোর্সও সম্পন্ন করেছেন এই অভিনেতা।

















