শরীয়তপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে।
সোমবার সকালে উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা কুরবির চর এলাকায় এ হামলায় বিএনপি সমর্থকদের প্রায় ৪০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত সমর্থক নাসির সিকদার ও খলিল শেখের নেতৃত্বে শত শত লোক দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে এই হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হামলায় অন্তত ১০ জন আহত হন।
ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা এবং ৪টি গবাদি পশু লুট করে নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন তালতলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে বিএনপি সমর্থক ফারুক হাওলাদারের জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে জামায়াত সমর্থক রুবেল ও সোহেল কাজীর সাথে বিরোধের সূত্রপাত হয়। ওই ঘটনার জেরে রবিবার বিএনপি সমর্থক সাব্বির ভুঁইয়াকে মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুর করে প্রতিপক্ষ। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে এই বড় ধরনের হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, নির্বাচনী বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।

















