লেবাননে ১০ মিনিটে ইসরায়েলের ১০০টি বিমান হামলা

লেবাননে নতুন দফায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০টি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। এতে কয়েক শ মানুষ হতাহত হয়েছেন বলে জানা গেছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে এমন কিছু এলাকাও রয়েছে, যা সাধারণত হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন বলে পরিচিত নয়।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন আল-জাজিরাকে জানান, নজিরবিহীন এই হামলার ফলে হাসপাতালগুলোতে শহীদ ও আহতদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। লেবানন রেড ক্রস জানিয়েছে, আক্রান্ত এলাকাগুলো থেকে আহতদের সরিয়ে নিতে তাদের ১০০টি অ্যাম্বুলেন্স কাজ করছে।
এই বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। এক বিবৃতিতে তিনি বলেন, এই আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের প্রতি ইসরায়েলের চরম অবজ্ঞার প্রমাণ।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই এই হামলা চালানো হলো। তেহরান এই যুদ্ধবিরতি লেবানন ফ্রন্টের জন্যও প্রযোজ্য বলে দাবি করলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা নাকচ করে দিয়েছেন।
ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সাফ জানিয়েছেন, হিজবুল্লাহর ওপর হামলা কোনো আপস ছাড়াই অব্যাহত থাকবে।

















