লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার ডিটেনশন সেন্টারে দীর্ঘ সময় আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১৭৪ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বুরাক এয়ারের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের প্রত্যাবাসন নিশ্চিত করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিত এই বাংলাদেশিদের বড় একটি অংশ মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। সেখানে পৌঁছানোর পর তাদের অনেকেই স্থানীয় মাফিয়া ও মানবপাচারকারী চক্রের হাতে অপহরণ ও অমানুষিক নির্যাতনের শিকার হন। অনেকে বিভিন্ন সময়ে লিবীয় কোস্টগার্ডের হাতে আটক হয়ে ডিটেনশন সেন্টারে দুর্বিষহ জীবন কাটাচ্ছিলেন।
প্রত্যাবাসিত নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ। এসময় আইওএম-এর পক্ষ থেকে তাদের প্রত্যেককে যাতায়াত খরচ (পথখরচ), জরুরি খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফিরে আসা ব্যক্তিদের সাথে কথা বলেন এবং তাদের জীবনের এই ভয়াবহ অভিজ্ঞতা পরিবারের সদস্য ও নিজ এলাকার মানুষের সাথে শেয়ার করার অনুরোধ জানান। অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ না যাওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনও অনেক বাংলাদেশি নাগরিক আটকে রয়েছেন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সম্মিলিতভাবে কাজ করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

















