রোনালদিনহোর চোখে ফুটবল দুনিয়ার অধিপতি মেসি

লিওনেল মেসির বয়স ৩৮ ছুঁইছুঁই করলেও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর চোখে ফুটবল দুনিয়ার অধিপতি হিসেবে তিনিই শ্রেষ্ঠ। পুরোনো বন্ধুর সামর্থ্য নিয়ে এখনো আস্থা ব্রাজিলিয়ান গ্রেটের। তাই মেসির বিদায়ী বিশ্বকাপেও চিরচেনা পায়ের জাদু দেখার অপেক্ষায় রোনালদিনহো।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘মেসি এখনও বিশ্বের সেরা। আমি আশা করি, সে দারুণ ফর্ম নিয়েই বিশ্বকাপে অংশ নেবে এবং আমাদের মতো সমর্থকদের দারুণ কিছু উপহার দেবে।’
রাশিয়া বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের বিধ্বংসী গতি, স্বদেশি উত্তরসূরি ভিনিসিয়াস জুনিয়রের শৈল্পিক ড্রিবলিং কিংবা স্প্যানিশ বিস্ময়বালক লামিন ইয়ামালের রাজকীয় উত্থানের মাঝেও কাউকেই মেসির সমতুল্য মনে হচ্ছে না রোনালদিনহোর। শ্রেষ্ঠত্বের বিচারে তার চোখে অনন্য উচ্চতায় আসীন মেসি।
মেসির সঙ্গে রোনালদিনহোর সম্পর্কটা বেশ পুরনো। মেসি যখন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার মূল দলে জায়গা করে নিচ্ছিলেন, রোনালদিনহো তখন ছিলেন কাতালানদের সবচেয়ে বড় তারকা। এই ব্রাজিলিয়ান জাদুকর ফুটবল থেকে অনেক আগেই অবসর নিলেও মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। নিজের শেষ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
চিরপ্রতিদ্বন্দ্বী দুটি জাতীয় দলের সদস্য হলেও বার্সার জার্সিতে প্রায় সাড়ে তিন বছর একসঙ্গে খেলেছেন দুজন। মেসির সঙ্গে ব্যক্তিগত রসায়ন নিয়ে রোনালদিনহোর ভাষ্য, ‘যখনই আমাদের একসঙ্গে হওয়ার সুযোগ হয়, সেটা দারুণ আনন্দের মুহূর্ত হয়ে দাঁড়ায়।’
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় একযোগে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপ নিয়ে বেশ রোমাঞ্চিত জাপান ও দক্ষিণ কোরিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত বিশ্বকাপজয়ী রোনালদিনহো। তার মতে, ‘সবগুলো দলই এখন খুব শক্তিশালী। তাই এবারের আসরটি আরও বেশি উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে।’
গ্রুপ ‘জে’তে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা খেলবে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে। এখন পর্যন্ত দুবার তারা অস্ট্রিয়ার মুখোমুখি হয়েছে প্রীতি ম্যাচে। একটিতে জিতেছে আলবিসেলেস্তেরা, অন্যটি শেষ হয়েছে সমতায়। অস্ট্রিয়ার মতো আলজেরিয়ার বিপক্ষেও শুধু প্রীতি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। একমাত্র দেখায় ২০০৭ সালে ৪-৩ গোলে জিতেছিল তারা। তবে প্রীতি কিংবা প্রতিযোগিতামূলক কোনো পর্যায়েই এখন পর্যন্ত জর্ডানের মুখোমুখি হয়নি আর্জেন্টিনা।

















