রেমিট্যান্সে বড় লাফ: ১১ দিনেই এলো ১৯২ কোটি ডলার

দেশের অর্থনীতিতে সুবাতাস ছড়াচ্ছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। চলতি বছরের মার্চের প্রথম ১১ দিনেই দেশে ১৯২ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৪২৪ কোটি টাকা। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক চিত্র তুলে ধরেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কেবল গতকাল বুধবারেই দেশে প্রবাসী আয় এসেছে ২ হাজার ২৩২ কোটি ৬০ লাখ টাকা। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের লাফ লক্ষ্য করা গেছে। গত বছরের মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার; সেই তুলনায় এ বছর একই সময়ে আয় বেড়েছে প্রায় ৪৪.৩০ শতাংশ।
দীর্ঘমেয়াদী হিসেবেও প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৯৮২ কোটি ডলার। অর্থাৎ, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ২২.৯০ শতাংশ। অর্থনীতির এই সূচকের ইতিবাচক পরিবর্তন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

















