রুমিন ফারহানার সঙ্গে খোশমেজাজে ভাবনা

ছোট ও বড় পর্দার অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ আশনা হাবিব ভাবনা। ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবনের হাতেখড়ি হলেও, ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে নিজের স্পষ্ট মতামত জানিয়ে প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।
সম্প্রতি এই অভিনেত্রী ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে কিছু স্থিরচিত্র নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন। ছবিতে দুজনকে বেশ খোশমেজাজে এবং হাসিখুশি ভঙ্গিতে দেখা যায়। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে ভাবনার দেওয়া ক্যাপশনটি। তিনি লিখেছেন, “আমরা কি করছি একসাথে? অভিনয় নাকি অন্যকিছু, দেখা হচ্ছে ঈদে নাকি রুমিন ফারহানা আপা।”
ক্যাপশনের শেষে জুড়ে দেওয়া ভালোবাসার ইমোজি এবং ঈদের প্রসঙ্গটি ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কি কোনো বিশেষ ঈদের নাটকের শুটিং, নাকি রাজনীতির মাঠে নতুন কোনো সমীকরণ—তা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।
পোস্টটি সামাজিক মাধ্যমে শেয়ার করার পরপরই তা নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা তাদের নানা ভাবনার কথা প্রকাশ করছেন। একজন নেটিজেন ইতিবাচক মন্তব্য করে লিখেছেন, ‘সবার জন্য ভালোবাসা রইলো।’ আবার রাজনীতিতে ভাবনার সম্পৃক্ততা নিয়ে জল্পনা বাড়িয়ে অন্য একজন মন্তব্য করেছেন, ‘ভাবনাও ইচ্ছা করলে এবার সংসদ সদস্য হতে পারতো।’
সব মিলিয়ে রুমিন ফারহানা ও ভাবনার এই ‘ফ্রেমবন্দী’ হওয়া ভক্তদের জন্য বড় কোনো চমকের ইঙ্গিত কি না, তা জানার জন্য এখন ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

















