রামেক পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে গত ১১ দিনে ৩৩ শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতালের পরিচালকের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই চরম অবহেলার জন্য পরিচালককে ‘ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত’ বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সোসাইটি অব সার্জনস আয়োজিত ‘সিএমই অন মেডিকেল এথিক্স’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গত ১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে রাজশাহী মেডিকেলে। অথচ সেখানকার পরিচালক আমাদের জানাননি যে তার কাছে ভেন্টিলেটর নেই। তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।”
মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে ফোন করা হলে পরিচালক প্রথমে তথ্য গোপন করার চেষ্টা করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে মিডিয়া একটু বাড়িয়ে বলছে। কিন্তু তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দেখা গেছে মিডিয়ার তথ্যই সত্য ছিল।
সরকারিভাবে সরঞ্জাম কেনা সময়সাপেক্ষ হওয়ায় ব্যক্তিগত উদ্যোগে ভেন্টিলেটর সংগ্রহের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, “আমি ব্যক্তিগত যোগাযোগ কাজে লাগিয়ে দু-একজন ওষুধ প্রস্তুতকারকের সঙ্গে কথা বলেছি। তাদের সহায়তায় আজ জরুরি ভিত্তিতে তিনটি ভেন্টিলেটর কিনে দেওয়া হচ্ছে। এটি সরকারি নয়, বেসরকারি উদ্যোগে হচ্ছে। আজ আরও দুটি ভেন্টিলেটর ম্যানেজ করার চেষ্টা করব।”
চিকিৎসকদের পেশাগত নৈতিকতা ও আচরণের ওপর গুরুত্বারোপ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “রোগীরা চিকিৎসকদের ওপর ঈশ্বরের মতো ভরসা করে। তাই তাদের আচরণ, কথা ও সেবায় আরও দায়িত্বশীল হতে হবে।” অস্ত্রোপচারের সময় রোগীর পেটে সুতা বা প্রয়োজনীয় সরঞ্জাম রেখে দেওয়ার মতো ঘটনার উল্লেখ করে তিনি চিকিৎসকদের অতিরিক্ত কাজের চাপের মধ্যেও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

















