‘রামায়ণ’ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় প্রকাশ রাজের বিরুদ্ধে মামলা!

দক্ষিণী সিনেমার দাপুটে অভিনেতা প্রকাশ রাজ আবারও আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। ‘রামায়ণ’ নিয়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে এবার তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন অন্ধ্রপ্রদেশের এক বিজেপি নেতা। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে এই মামলাটি করা হয়েছে।
গত জানুয়ারি মাসে কেরালা সাহিত্য উৎসবে এক আলোচনাসভায় ‘রামায়ণ’ নিয়ে শিশুদের একটি নাটকের উদাহরণ দিয়েছিলেন প্রকাশ রাজ। সেখানে তিনি দেখিয়েছিলেন— রাম ও লক্ষ্মণ রাবণের বাগান থেকে ফল খাচ্ছেন। তখন শূর্পণখা ও রাবণ আসেন। শূর্পণখা রেগে গেলে রাবণ বলেন, ‘ক্ষুধার্তকে খেতে দাও’। পরে রাম ফলের দাম দিতে চাইলে শূর্পণখা নাকি ২০০০ ডলার ও জিএসটি দাবি করেন। টাকা না থাকায় শেষে রাবণ রাম-লক্ষ্মণকে বীজ বপন করে গাছ রোপণ করে যেতে বলেন।
অন্ধ্রপ্রদেশের বিজেপি নেতা ভানু প্রকাশ দাবি করেছেন, প্রকাশ রাজের এই বক্তব্য হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসে চরম আঘাত করেছে। এই মর্মে তিনি অভিনেতার বিরুদ্ধে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। ভানু প্রকাশের মতে, এ ধরনের মন্তব্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। তিনি শুধু প্রকাশ রাজ নন, বরং যারা এই মন্তব্যকে সমর্থন করেছেন তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রকাশ রাজ তার স্পষ্টভাষী স্বভাব এবং বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করার জন্য পরিচিত। এর আগেও তিনি নানা ইস্যুতে মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছেন। তবে ‘রামায়ণ’ নিয়ে এই নতুন মামলার বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বিবৃতি পাওয়া যায়নি।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

















