রাতে ম্যানসিটির শিরোপা দৌড়ের কঠিন পরীক্ষা

প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় জিইয়ে রাখতে জয়ের কোনও বিকল্প নেই। মৌসুমের এ পর্যায়ে পা হড়কালেই বিপদ হতে পারে পেপ গার্দিওলার শীষ্যদের।
ম্যানচেস্টার সিটি কোচের মতে, পরবর্তী ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে তারা পয়েন্ট হারালে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় শেষ হয়ে যাবে। তাই রিয়াল মাদ্রিদের সাথে চ্যালেঞ্জের কথা না ভেবে আপাতত শুধু শনিবার ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচ ঘিরেই সবটুকু মনোযোগ দিচ্ছেন গার্দিওলা।
লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে ম্যানসিটি। যদিও গার্দিওলা বাহিনীর হাতে একটি ম্যাচ বেশি আছে। তাদের বাকি আছে ৯ ম্যাচ, আর্সেনালের ৮টি। আগামী ১৯ এপ্রিল ইতিহাদ স্টেডিয়ামে এই দুই দলের গুরুত্বপূর্ণ লড়াই।
ম্যানচেস্টার সিটি কোচ বলছেন, ‘এখন ভাবনায় কেবলই ওয়েস্টহ্যাম। প্রিমিয়ার লিগ সবচেয়ে কঠিন শিরোপা। আমরা এখনও লড়াইয়ে আছি এটা জেনে যে, যদি আমরা পয়েন্ট হারাই, তাহলে লড়াই শেষ হয়ে যাবে। ওয়েস্টহ্যাম পয়েন্টের জন্য লড়াই করবে। তবে সিটিও মরিয়া থাকবে।’
অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা ওয়েস্টহ্যাম আছে টেবিলের ১৮ নম্বরে। তবে সাম্প্রতিক দলটির পারফরম্যান্স ভালো। সবশেষ পাঁচটি লিগ ম্যাচের মধ্যে কেবল একটিতে হেরেছে তারা।
‘আমি সবসময় বলেছি, যখন আমরা শেষ ১০ ম্যাচে পৌঁছাই, তখন প্রতিটি দলই কিছু না কিছুর জন্য খেলে- অবনমন এড়ানোর জন্য, ইউরোপা লিগের জন্য, কনফারেন্স লিগের জন্য, চ্যাম্পিয়ন্স লিগের জন্য। প্রতিটি ম্যাচেই এটা স্বাভাবিক। এখন আর দ্বিতীয় সুযোগ নেই’ বলেন গার্দিওলা।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে গত বুধবার রিয়ালের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানসিটি। আগামী মঙ্গলবার ইতিহাদে হবে ফিরতি লেগ। আপাতত ওই ম্যাচ নিয়ে মাথা ভারী করতে চান না গার্দিওলা। তিনি বলেন, ‘শনিবার রাতে আমাদের একটি ম্যাচ আছে, প্রিমিয়ার লিগের অবস্থানের জন্য এটি গুরুত্বপূর্ণ। তারপর আমাদের চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় লেগের ম্যাচ আছে।’

















