যৌন হয়রানির অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা

লক্ষ্মীপুরের রায়পুরে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ১০ নম্বর রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শুক্কুর মিঝিকে জুতাপেটা ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠুর বাড়িতে আয়োজিত এক সালিশি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
জানা যায়, গত রোববার সকালে দেবীপুর এলাকায় ওই ছাত্রী ময়লা ফেলতে বের হলে শুক্কুর মিঝি তাকে জড়িয়ে ধরে পাশের একটি কক্ষে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। ছাত্রীর চিৎকারে স্বজনরা এগিয়ে এলে তিনি পালিয়ে যান।
ঘটনার পর পুলিশ শুক্কুর মিঝিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও ভুক্তভোগী পরিবার মামলা করতে না চাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।
ছাত্রীর পরিবারের অভিযোগ, শুক্কুরের জামাতা ও উপজেলা কৃষকদল নেতা জালাল উদ্দিন রানা তাদের আইনি ব্যবস্থা না নিতে হুমকি দিচ্ছিলেন। নিরাপত্তাহীনতা ও চাপের মুখে তারা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করতে বাধ্য হন।
সালিশ শেষে অভিযুক্তকে সাজা দেওয়া হলেও ভুক্তভোগী পরিবার এখনো জরিমানার টাকা পায়নি বলে জানিয়েছে।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, অভিযোগকারী মামলা করতে আগ্রহী না হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে।

















