মোহাম্মদপুরে বসানো হচ্ছে ৭০০ সিসি ক্যামেরা, নজরদারিতে কিশোর গ্যাং

রাজধানীর অপরাধপ্রবণ মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক কারবারিদের দমনে এই এলাকায় সরকারিভাবে ৭০০ সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে মোহাম্মদপুরের বছিলা এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন ও থানা পুলিশের ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার জানান, পুরো ঢাকা জুড়ে অপরাধ নিয়ন্ত্রণে ১১ হাজার সিসি ক্যামেরা বসানোর মেগা প্ল্যান হাতে নিয়েছে ডিএমপি। এর মধ্যে মোহাম্মদপুরের গুরুত্ব বিবেচনায় এখানে ৭০০ ক্যামেরা স্থাপন করা হবে। তিনি বলেন, “গুলশান-বনানী এলাকার সফল নজরদারি মডেল অনুসরণ করে মোহাম্মদপুরেও প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা হবে। এতে অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা সহজ হবে।”
মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং ছিনতাই বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের উদ্বেগের প্রেক্ষিতে কমিশনার বলেন, কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হচ্ছে। চিহ্নিত সন্ত্রাসীদের ছবি জনসমক্ষে প্রকাশ করা হবে এবং তাদের আয়ের উৎসও খতিয়ে দেখবে পুলিশ। এছাড়া জেনেভা ক্যাম্পসহ ঝুঁকিপূর্ণ স্পটগুলোতে গোয়েন্দা নজরদারি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অপরাধ দমনে জনসম্পৃক্ততা বাড়াতে ডিএমপি অচিরেই হোটেল-রেস্টুরেন্টের তথ্য ও ভাড়াটিয়া ডাটাবেজের জন্য নতুন অ্যাপ চালু করবে। পাশাপাশি কোনো নাগরিক অপরাধীদের বিষয়ে তথ্য দিলে তাকে পুরস্কৃত করার ঘোষণা দেন ঢাকার পুলিশ প্রধান। তিনি নগরবাসীকে নিজ নিজ বাসা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যক্তিগতভাবে সিসি ক্যামেরা স্থাপনেরও আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও প্রতিনিধিরা রায়েরবাজার বেড়িবাঁধ ও বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানান। ডিএমপি কমিশনার আশ্বস্ত করেন যে, অচিরেই এসব এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রক্রিয়া শুরু হবে।

















