মেহেরপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ এবং প্যানেল চেয়ারম্যানের পদ দখল নিয়ে বিএনপির স্থানীয় দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপির সভাপতিসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা থেকেই রাইপুর ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। ইউনিয়ন পরিষদের ভেতরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারগিদুল ইসলামের লোকজন এবং পরিষদের বাইরে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, এলাঙ্গী গ্রামের ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন কালু, স্থানীয় বিএনপি নেতা খাইরুল ইসলাম ও রাসেল আহমেদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পরিবর্তনের পর রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপুকে সরিয়ে ওয়ার্ড সদস্য সারগিদুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে সারগিদুল ইসলাম দায়িত্ব পালন করছেন। তবে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর দাবি, সারগিদুল ইসলাম অবৈধভাবে এই দায়িত্ব পালন করছেন। এছাড়াও ভিজিএফের চালসহ সরকারি বিভিন্ন সুবিধা বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে প্রতিবাদ করতে গিয়েই এই সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকাটিতে থমথমে অবস্থা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।

















