মেসির ‘৮৯৯’ উপভোগ করলেন এমঅ্যান্ডটির ৭২ হাজার দর্শক

বাংলাদেশ সময় রোববার ভোরে মেজর লিগ সকারে ডি.সি. ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের ১৭তম মিনিটে গোল করেন দে পল আর ২৭তম মিনিটে গোল আসে মেসির পা থেকে। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে ডি.সি.। হার দিয়ে লিগ শুরুর পর মায়ামির এটি টানা দ্বিতীয় জয়।
তবে এই ম্যাচে মেসির গোলটি সাধারণ কোনো গোল নয়, এটি নতুন এক ইতিহাসের দরজায় টোকা দেওয়ার ঘটনা। এটি ছিল তার ক্যারিয়ারের ৮৯৯তম গোল। আর একটি গোল করলেই ৯০০ গোলের এলিট ক্লাবে পৌঁছবেন আর্জেন্টাইন কিংবদন্তী।
ইন্টার মায়ামিতে খেলা শুরুর পর ডি.সি. ইউনাইটেডের মাঠে এটিই ছিল মেসির প্রথম ম্যাচ। আগের দুই বছরে তাদের মাঠে মেসি খেলতে পারেননি চোটের কারণে। তবে এবার নিজেদের ঘরের মাঠ ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতার অডি ফিল্ড থেকে ডি.সি. ইউনাইটেড ম্যাচটি নিয়ে যায় বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে।
অফিসিয়াল হিসেবে এদিন স্টেডিয়ামে দর্শক ছিলেন ৭২ হাজার ২৬ জন। ডি.সি. ইউনাইটেডের ঘরের ম্যাচে দর্শকের আগের রেকর্ড ছিল আরএফকে স্টেডিয়ামে ৫৭ হাজার ৪৩১ জন, সেটি ১৯৯৭ সালের ঘটনা।
ম্যাচের প্রথম সুযোগ পায় ইন্টার মায়ামি। তবে দে পলের শটে জোর ছিল না, গোলকিপার অনায়াসে তা ঠেকিয়ে দেন। মিনিট দশেক পর গোলকিপারকে কোনও সুযোগ দেননি দে পল।
ডি.সি. ইউনাইটেডের বক্সে প্রতিপক্ষের একজনের পা থেকে আচমকা বল কেড়ে নিয়ে তেলাস্কো সেগোভিয়ার কাছে বাড়ান হার্মান বের্তেরামে। সেগোভিয়ার কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে গোল করে দে।
১০ মিনিট পর আসে সেই মাহেন্দ্রক্ষণ, ইতিহাস গড়ার পথে ৮৯৯তম গোল করেন মেসি। সেখানেও বড় অবদান মাতেও সিলভেতির। আর্জেন্টাইন এই উইঙ্গার ডি.সি. ইউনাইটেডের রক্ষণভাগকে বোকা বানিয়ে বল বাড়ান বক্সে। মেসি ছুটে গিয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন জালে।
৩৮তম মিনিটে আরেকবার গোলের খুব কাছাকাছি যান মেসি। এবার একক প্রচেষ্টায় বল নিয়ে এগিয়ে কয়েকজনকে কাটিয়ে আচমকা শট নেন বক্সের বাইরে থেকে। তবে বার ঘেঁষে সে বল বাইরে চলে যায়।
দ্বিতীয়ার্ধে গোল শোধের প্রাণপণ চেষ্টা করে ডি.সি. ইউনাইটেড। ৬০ মিনিটের পর থেকে আক্রমণ করতে থাকে তারা। ৭৫তম মিনিটে প্রথম গোলের দেখা মেলে। এরপর আর কুলিয়ে উঠতে পারেনি তারা।
৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ে আরেকবার গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। তবে খুব কাছ থেকে নেওয়া শটটি দারুণভাবে ঠেকিয়ে দেন ডি.সি. ইউনাইটেডের গোলকিপার শন জনসন।
মেজর লিগ সকালে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ওয়েস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামি এখন আছে পয়েন্ট টেবিলের চার নম্বরে।

















