মানহানি মামলায় ইনু, মেনন ও বিচারপতি মানিকের জামিন

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে দায়েরকৃত মানহানি মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন হাসানুল হক ইনুকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির করা হয়। অন্য দুই আসামি রাশেদ খান মেনন ও বিচারপতি মানিককেও শুনানির জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত ইনুকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। পরবর্তীতে তিন আসামির আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত ২১ জানুয়ারি একই মামলায় মেনন ও মানিককে গ্রেফতার দেখানো হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে এই মানহানি মামলাটি দায়ের করেছিলেন। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআই-কে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্তের নির্দেশ দিয়েছিলেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ আদালত আসামিদের জামিন প্রদানের এই আদেশ দিলেন।

















