মদ বিক্রি নিষিদ্ধ করলো সিরিয়া

সিরিয়ার রাজধানী দামেস্কে রেস্তোরাঁ ও বারে মদ বিক্রি নিষিদ্ধ করেছে দেশটির বর্তমান কর্তৃপক্ষ। গত সোমবার জারি করা এক আদেশে জানানো হয়েছে, এখন থেকে সব নাইটক্লাব ও বারের লাইসেন্স পরিবর্তন করে ক্যাফে লাইসেন্স নিতে হবে। ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকারের এই সিদ্ধান্তকে এ যাবৎকালের অন্যতম কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
নতুন নিয়ম অনুযায়ী, শুধু সিল করা বোতলে ‘টেকঅ্যাওয়ে’ হিসেবে এবং প্রধানত খ্রিস্টান অধ্যুষিত এলাকায় অত্যন্ত সীমিতভাবে অ্যালকোহল বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। তবে এসব বিক্রয়কেন্দ্র বা দোকানগুলোকে অবশ্যই উপাসনালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত ৭৫ মিটার এবং নিরাপত্তা স্থাপনা থেকে ২০ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য ব্যবসায়ীদের তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছে।
এদিকে সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বার ও ক্লাব মালিকরা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, একাধিক বার মালিক জানিয়েছেন যে এই কঠোর বিধিনিষেধের ফলে তারা ব্যবসা বন্ধ করতে বাধ্য হবেন।
একজন মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষ মূলত পানীয়র জন্যই এসব জায়গায় আসে, তাই বারকে ক্যাফেতে রূপান্তর করার কোনো ব্যবসায়িক অর্থ নেই। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সিরিয়ায় রক্ষণশীল নীতির প্রয়োগ বাড়তে থাকে।
সম্প্রতি রমজানে রোজা না রাখার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার এবং কর্মীদের চাকরিচ্যুত করার ঘটনা দেশটিতে কট্টরপন্থি অনুশাসন কার্যকরের ইঙ্গিত দিচ্ছে।

















