ভুলত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

পবিত্র রমজান মাসের শেষভাগে এসে নফল ইবাদতে মগ্ন হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এই আত্মিক যাত্রা শুরুর আগে নিজের অতীতের অনাকাঙ্ক্ষিত ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একইসঙ্গে ভবিষ্যতে ‘অপ্রয়োজনীয়’ কথাবার্তা এড়িয়ে চলারও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন এই তরুণ রাজনীতিক।
আজ বুধবার (১৮ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। পোস্টে নাসীরুদ্দীন জানান, বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী এবং সহযোদ্ধাদের পরামর্শেই তিনি নিজের আচরণ ও বক্তব্যে পরিবর্তন আনার এই সিদ্ধান্ত নিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।”
জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের হাত ধরে গঠিত জাতীয় নাগরিক পার্টির এই নেতা শুরু থেকেই আলোচনায় রয়েছেন। বিশেষ করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে তিনি রাজনৈতিক মহলে বেশ সমালোচিত হয়েছিলেন।
সেই প্রসঙ্গের দিকে ইঙ্গিত করে তিনি আরও লিখেছেন, “গত কয়েক দিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সাথে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকেই একটি সুন্দর দিক-নির্দেশনা পেয়েছি—ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।”
বিনয়ের সাথে এসব পরামর্শ গ্রহণ করে এখন থেকে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করবেন বলে জানান এই তরুণ নেতা। তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী তিনি কাজ করে যেতে চান।
উল্লেখ্য, এবারের রমজানের শুরু থেকেই দেশের বিভিন্ন জেলায় গিয়ে তারাবিহর নামাজ পড়ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল মঙ্গলবার রাতে ধানমন্ডির তাকওয়া মসজিদে ‘কিয়ামুল লাইলের’ মাধ্যমে তার এই নতুন আত্মিক যাত্রার সূচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

















