ভিজিএফের চাল দিতে না পেরে হাউমাউ করে কাঁদলেন চেয়ারম্যান

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রভাবশালীদের চাপ ও স্লিপ ছিনিয়ে নেওয়ার অভিযোগে চাল বিতরণ করতে না পেরে সবার সামনে হাউমাউ করে কেঁদেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব মন্ডল।
বুধবার রাতে তার এই কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপস্থিত জনতার সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন চেয়ারম্যান আবু তালেব মন্ডল। তিনি অভিযোগ করেন, ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ২ হাজার ৭৮৮টি ভিজিএফ স্লিপের মধ্যে একটি বড় অংশ স্থানীয় প্রভাবশালী সারোয়ার হোসেন চৌধুরী জোরপূর্বক কেড়ে নিয়েছেন।
এছাড়া ইউপি সদস্যদের ওপরও বাড়তি স্লিপ জমা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে। ফলে প্রকৃত উপকারভোগীদের চাল দিতে না পেরে এবং পরিষদে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন।
সংরক্ষিত নারী সদস্য সুমি আক্তার ও ফরিদা বেগমসহ অন্য জনপ্রতিনিধিরাও একই অভিযোগ তুলেছেন। তাদের দাবি, তালিকা অনুযায়ী চাল দেওয়ার প্রস্তুতি থাকলেও প্রভাবশালীদের হস্তক্ষেপে পুরো প্রক্রিয়া ভণ্ডুল হয়ে গেছে। বর্তমানে ওই ইউনিয়নে ১৪২ বস্তা চাল বিতরণ বাকি রয়েছে এবং পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত।
তবে অভিযুক্ত সারোয়ার হোসেন চৌধুরী এসব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে ‘সাজানো নাটক’ ও অপপ্রচার বলে দাবি করেছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি দাবি জানিয়েছেন।

















