ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আসছে ৫ হাজার টন ডিজেল

ইরান পরিস্থিতিকে কেন্দ্র করে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিতিশীলতার মধ্যে বাংলাদেশের জন্য স্বস্তির খবর দিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হচ্ছে। পাইপলাইন দিয়ে এই তেল সরাসরি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার দুপুর ৩টা ২০ মিনিটে ভারত থেকে তেল পাম্পিং শুরু হয়েছে।
পাইপলাইন দিয়ে প্রতি ঘণ্টায় প্রায় ১১৩ মেট্রিক টন হারে ডিজেল বাংলাদেশে প্রবেশ করছে। সেই হিসাবে, প্রায় ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছাতে মোট ৪৪ ঘণ্টার মতো সময় লাগবে। আশা করা হচ্ছে, বুধবার সন্ধ্যার নাগাদ এই তেল সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের জ্বালানি নিরাপত্তা সহযোগিতার অন্যতম মাইলফলক হলো এই মৈত্রী পাইপলাইন। ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে বাংলাদেশের পার্বতীপুর ডিপো পর্যন্ত বিস্তৃত প্রায় ১৩১ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি ২০২৩ সালের মার্চ মাসে উদ্বোধন করা হয়।
বার্ষিক প্রায় ২ লাখ মেট্রিক টন ডিজেল পরিবহণের সক্ষমতা সম্পন্ন এই প্রকল্পটি নিয়মিতভাবে উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্ববাজারে চলমান অস্থিরতার এই সময়ে পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে দেশের জ্বালানি মজুত ও সরবরাহ ব্যবস্থা আরও সুসংহত থাকবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

















