ব্রাহ্মণবাড়িয়ায় বিড়ির ধোঁয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত সাত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিড়ির ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়িতে এই সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে রোজাদার ছাবিদ মিয়ার সামনে আলাল মিয়া বিড়ি পান করছিলেন। এ সময় বিড়ির ধোঁয়া ছাবিদ মিয়ার মুখে লাগলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনার জেরে ইফতারের আগ মুহূর্তে নিজ এলাকায় গিয়ে ছাবিদ গোষ্ঠী ও আলাল গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হন, যাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইফতারের সময় খবর পেয়ে দ্রুত পর্যাপ্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় এই বড় সংঘর্ষের সৃষ্টি হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

















