ব্যক্তিগত কারণ দেখিয়ে লন্ডনে প্রেস মিনিস্টারের পদত্যাগ

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন পদত্যাগ করেছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে আকবর হোসেন উল্লেখ করেন যে, মূলত ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি লিখেছেন, “ডিয়ার অল—লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টির সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। ধন্যবাদ।”
২০২৪ সালের নভেম্বরে বর্তমান অন্তর্বর্তী সরকার আকবর হোসেনকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের দায়িত্ব দেওয়া হয়।
কূটনৈতিক মিশনে যোগদানের আগে আকবর হোসেন দীর্ঘ সময় সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলার ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
আকবর হোসেনের পদত্যাগের বিষয়টি জানাজানি হলেও লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

















