বিসিবির নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার, প্যানেলে নাদিফ ও নাঈম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই নির্বাচক প্যানেলের ঘোষণা দেয় বিসিবি। ৫৩ বছর বয়সী বাশারের এর আগেও জাতীয় ও নারী দলের নির্বাচক হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
খেলোয়াড়ি জীবনে দেশের অন্যতম সেরা এই ব্যাটার বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। তার নেতৃত্বাধীন এই নতুন প্যানেল ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
নতুন এই প্যানেলে সহকারী নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। নাঈম ইসলাম তার প্রায় দুই দশকের ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারের বেশি রান এবং প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের পক্ষে সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।
অন্যদিকে, নাদিফ চৌধুরী আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতার পাশাপাশি অবসরের পর বয়সভিত্তিক পর্যায়ে নির্বাচক হিসেবে কাজ করেছেন। এই প্যানেলে আগে থেকেই রয়েছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত, যিনি গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন আগের কমিটিতেও সদস্য ছিলেন। মূলত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল গঠনের লক্ষ্যেই এই নতুন প্যানেল গঠন করেছে বিসিবি।

















