বিশ্বকাপ জিতে রোনালদোকে রাজকীয় বিদায় দিতে চান ফার্নান্দেজ

লম্বা ক্যারিয়ারে অনেক অর্জন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। কিন্তু ফিফা বিশ্বকাপটা উঁচু করে তুলে ধরা হয়নি দলের জার্সি পরে। রোনালদোর ক্যারিয়ারের এই অপূর্ণতা মেটাতে আসছে বিশ্বকাপ জিততে চান পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। তার ইচ্ছে- বিশ্বকাপ জিতে রোনালদোকে আন্তর্জাতিক ফুটবল থেকে রাজকীয় আয়োজনে বিদায় বলতে।
৪১ বছর বয়সী রোনালদো আগামী জুনে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নামবেন। ধারণা করা হচ্ছে, এটাই হতে যাচ্ছে এই তারকার ক্যারিয়ারের শেষ বড় টুর্নামেন্ট।
ওয়েন রুনির সঙ্গে আলাপকালে ব্রুনো বলেন, ‘ক্রিশ্চিয়ানোকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের এই শেষ বিশ্বকাপটা জিততে পারা হবে দারুণ এক ব্যাপার।’
ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক আরও যোগ করেন, ‘আমি মনে-প্রাণে চাই এটা যেন সত্যি হয়। শুধু পর্তুগালের জন্য নয়, বরং ফুটবল আর এই বিশ্বকে ক্রিশ্চিয়ানো যা দিয়েছেন, তার সম্মানার্থেই এটা হওয়া উচিত।’
বিশ্বকাপ না জেতা সেরা খেলোয়াড়দের তালিকায় থাকা শীর্ষদের তালিকায় আছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল করে তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। পর্তুগালের হয়ে ২০১৬ সালের ইউরো এবং দুইবার নেশনস লিগ জেতার কৃতিত্ব রয়েছে এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।
বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রথম ম্যাচ ১৭ জুন, প্রতিপক্ষ ডিআর কঙ্গো। এরপর ২৩ জুন উজবেকিস্তান ও ২৭ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে রোনালদোর দল।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় এবারের বিশ্বকাপ শুরু হবে ১১ জুন থেকে, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত।

















